ঘোষিত মহার্ঘভাতার বৈষম্য দূরীকরণসহ পাঁচ দফা দাবি

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৯
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ঘোষিত মহার্ঘভাতার বৈষম্য দূরীকরণ, সচিবালয়ের ন্যায় পদবি পরিবর্তনসহ ৫ দফা পূরণের দাবিতে সম্মেলনে লিখিত দাবি উপস্থাপন করেন সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। লিখিত বক্তব্যে বলা হয়, আমরা দীর্ঘদিন থেকে ৬০% মহার্ঘভাতার দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু সরকার কর্মচারীদের জন্য সর্বনিম্ন ১,৫০০/- টাকা এবং কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ৬,০০০/- টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন, যা বর্তমান বাজার দরের প্রেক্ষাপটে নিম্ন আয়ের কর্মচারীদের প্রতি চরম বৈষম্যমূলক বলে আমরা মনে করি। আমরা মহার্ঘভাতা প্রদানের ক্ষেত্রে এ বৈষম্যের দ্রুত অবসান সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কামনা করছে। প্রজাতন্ত্রে নিয়োজিত প্রশাসন ক্যাডারসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের বহুবার পদোন্নতি দেয়া হলেও কর্মচারীদের বেলায় একবারও পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরিশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরিষদের কার্যকরী সভাপতি ও মহাসচিব। প্রেস-বিজ্ঞপ্তি