পৃথিবীর সমস্ত পোশাক পুনরায় সুতো হয়ে যাক
তুলোগুলো যার যার মতো শিমুলের বাড়ি ফিরে যাক
শিমুলেরা যার যার মতো বৃক্ষদের কবরী সাজাক।
আমাদের গরম কাপড় ফিরে যাক মেষের চামড়ায়
বন্যতার কালো সুতো নিয়ে মুখ ঢাকি বন্ধ কামরায়।
গুহাসভ্যতার চেয়ে বেশি কতোটুকু মানুষ হয়েছি!
মানুষ মানুষই রয়ে গেল সভ্যতার কিছুই হলো না।
মানুষের কৃত্রিম পোশাক পাতার মতন ঝরে যাক
বস্ত্রসভ্যতার তলে তলে অসভ্যতা আজও কথা বলে
মনুষ্যত্ব তাই নতমুখে ঝুঁকে আছে সেলাইয়ের কলে।
