শেয়ারবাজারে গত কয়েক দিন ধরে দর ওঠানামার মধ্যে সূচক নেমে এসেছে চার হাজারের নিচে। আর লেনদেন হচ্ছে তিনশ’ কোটি টাকার কম। গতকাল বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২১৯ কোটি টাকা। যা গত প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২১৯ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৬ কোটি ৩৪ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।
এদিকে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও এপেক্স ফুডস শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ওষুধ ও রসায়ন খাতের সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১২.২৪ টাকা। আর খাদ্য ও আনুসঙ্গিক খাতের ফাইন ফুডসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে।
