আগামী নভেম্বরে মুরসির বিচার শুরু

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২০:২৬
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিচার শুরু হচ্ছে আগামী নভেম্বরে। বিক্ষোভকারীদের হত্যার জন্য উস্কানি দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই বিচার শুরু হবে। খবর বিবিসির। আগামী ৪ নভেম্বর মুরসির সঙ্গে তার সরকারের আরো ১৪ কর্মকর্তাকে আদালতে হাজির করা হবে। গত বছরের ৫ ডিসেম্বর প্রেসিডেন্ট প্যালেসের বাইরে তার রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড এবং বিরোধী রাজনৈতিক দলের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে সাতজন নিহত হয়। গত ৩ জুলাই ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি একটি গোপন জায়গায় বন্দী আছেন। বুধবার কায়রোর আপিল আদালত মুরসি ও তার ১৪ জন সহকর্মীর বিরুদ্ধে রুল জারি করে। ব্রাদারহুড দাবি করেছে, ৫ ডিসেম্বর প্রেসিডেন্ট প্যালেসের বাইরে নিহতরা সবাই তাদের সংগঠনের কর্মী; কিন্তু ধর্মনিরপেক্ষ বিরোধী দলগুলো দাবি করেছে, নিহতরা ছিল ব্রাদারহুডের আদর্শ বিরোধী পক্ষের লোক।