পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়ে শুরু হল আসিয়ান সম্মেলন

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২০:২৭
পূর্ব এশীয় অঞ্চলের জনগণের উন্নয়নের লক্ষ্যে ব্যাপকভাবে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যয় নিয়ে শুরু হল ১৬তম আসিয়ান+৩ (এপিটি) সম্মেলন। গতকাল বৃহস্পতিবার ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগওয়ানে সম্মেলনটির উদ্বোধন করা হয়। -খবর সিনহুয়া। ১০ জাতির এ সম্মেলনে সভাপতিত্বকারী ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তার উদ্বোধনী ভাষণে বলেছেন, এ অঞ্চলকে শক্তিশালী করতে অর্থনৈতিক পুনরুদ্ধার, আর্থিক স্থিতিশীলতা ও সদস্য দেশগুলোর মধ্যকার যোগাযোগ স্থাপন এপিটির মূল লক্ষ্য। বাণিজ্যিক সচলতা টিকিয়ে রাখতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও স্টেকহোল্ডারদের উন্নয়নে কাজ করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান ব্রুনাই সুলতান। ওদিকে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেন, এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এ সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আসিয়ান+৩-এর সদস্য দেশগুলো হল: ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া।