নাটোরে ৩ জনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৯

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২০:৩৩
দিনাজপুর, বাগেরহাট ও বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। নাটোর সদর উপজেলার একডালা পুকুরপাড় এলাকায় গত বুধবার গভীর রাতে মহিষ বোঝাই একটি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন গাজীপুর জেলার কাপাসিয়ার ইসমাইল (৩৫), দুলাল (৮০) ও নৈশ প্রহরী মুক্তার হোসেন। পুলিশ জানায়, একটি ট্রাক মহিষ নিয়ে রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক নৈশ প্রহরীকে চাপা দিয়ে খাদে উল্টে গিয়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নাটোরে একটি মামলা হয়েছে। গোপালগঞ্জ গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে মান্দারতলায় গত বুধবার রাতে গাড়ি চাপায় ঝন্টু মোল্লা (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত ঝন্টু গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী গ্রামের খোকা মোল্লার ছেলে। দিনাজপুর শহরের পুলহাট এলাকায় গত বুধবার সকালে আঞ্জুয়ারা বেগম (২৮) নামে এক গৃহবধূ ট্রাক চাপায় নিহত হন। সে দাইনুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী। কোতয়ালী থানায় একটি ইউডি মামলা হয়েছে। বাগেরহাট বাগেরহাট-মাওয়া মহাসড়কে গত বুধবার বিকালে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় দুলু শেখ (৩৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। সে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার রাজপাট গ্রামের ওহাব আলী শেখের ছেলে। বরিশাল বরিশাল-ঢাকা মহাসড়কের পশ্চিম রহমতপুর এলাকায় গত বুধবার বিকালে বাসের চাপায় মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বিমান বন্দর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আবুল খায়ের জানান, বরিশালগামী একটি যাত্রীবাহী বাস বৃদ্ধাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গাইবান্ধা গাইবান্ধা-লক্ষ্মীপুর-সুন্দরগঞ্জ সড়কের গাইবান্ধা সদর উপজেলার পঁচাত্তর নম্বর রেলগেট এলাকায় গত বুধবার সন্ধ্যায় ট্রাক চাপায় তারা মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মমতাজ হোসেনের ছেলে। জানা যায়, ঘটনার দিন তারা মিয়া বাই-সাইকেলযোগে বাড়ি থেকে গাইবান্ধা শহরের আসার পথে গাইবান্ধাগামী একটি ট্রাক পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) সীতাকুণ্ডে এসকেএম জুটল মিলস এলাকায় গত বুধবার সকালে বাস চাপায় নাছির মিস্ত্রি (৫০) নামে একজন মারা যান। চট্টগ্রামগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। উত্তেজিত জনতা হেলপার ও ড্রাইভারকে গণপিটুনি দেয়। অভয়নগর (যশোর) যশোরের অভয়নগরে গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় খুশী বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত ও এক শিশু আহত হন। ঘটনার দিন যশোর থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে পেছন থেকে তেলবাহী ট্রাক ধাক্কা দিলে কোলে থাকা শিশুটিসহ খুশী বেগম ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই খুশি বেগম নিহত ও শিশু তাবাস্সুম সুলতানা জুঁই আহত হয়। পথচারীরা জুঁইকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।