রক গানের তালে এবার ‘বাংলাদেশি আইডল’-এর ‘টপ টেন’ মাতাবে টেলিভিশন পর্দা। আজ রাত ৮টায় এসএ টিভির পর্দায় হাজির হবে বিশ্বের প্রথম ‘বাংলাদেশি আইডল’ হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা ১০ জন সেরা সংগীত প্রতিভা, যাদের বাছাই করে আনা হয়েছে পুরো বাংলাদেশ ঘুরে লাখো প্রতিযোগীদের মাঝ থেকে। আর এই সৌভাগ্যবান দশ প্রতিযোগী হলেন আঁচল, আরিফ, তুরিন, সৌরিন, তালহা, মন্টি, মং, পঙ্কজ, বৃষ্টি ও নন্দিতা। দশজন প্রতিযোগীই আজ পরিবেশন করবেন রক গান। বাংলাদেশের রক ঘরানার জীবন্ত কিংবদন্তি আইয়ুব বাচ্চু আন্তর্জাতিক মিউজিক্যাল রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’-এর একজন অন্যতম বিচারক। বিচারক হিসেবে আরও থাকছেন সংগীত ব্যক্তিত্ব ফেরদৌসী রহমান, প্লে-ব্যাক আইডল এন্ড্রু কিশোর এবং পপ তারকা মেহরীন। এই চার বিচারকের সামনে দাঁড়িয়ে রক গান গাওয়াটা নিঃসন্দেহে ‘টপ টেন’ প্রতিযোগীদের জন্য একই সাথে উত্তেজনার এবং চ্যালেঞ্জিং বিষয়।
