আর্মড ফোর্সেস ওয়্যার কোর্স প্রতিনিধি দলের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২২:১৩
ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার সকালে পুলিশ হেড কোয়ার্টার্স পরিদর্শন করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চিফ ইন্সট্রাকটর ব্রিগেডিয়ার জেনারেল শামস-উল-হুদা। পুলিশ হেড কোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত কার্যক্রম, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও ভবিষ্যত্ পরিকল্পনা ইত্যাদি বিষয় পুলিশ হেড কোয়ার্টার্সের এআইজি কাজী জিয়া উদ্দিন প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। প্রতিনিধিদলের সদস্যরা জনগণের মৌলিক মানবাধিকার রক্ষা করে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা, জনগণের প্রত্যাশা, ফোর্স থেকে সার্ভিসে রূপান্তর ইত্যাদি বিষয় জানতে চান। এআইজি মো. আমির উদ্দিন, এআইজি মো. মইনুর রহমান চৌধুরী, ডিআইজি মো. মঞ্জুর কাদের খান, এ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. আতিকুল ইসলাম এবং এ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. ফিরোজ আল মুজাহিদ খান বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, বাংলাদেশ পুলিশ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সমপ্রীতি ও সৌহার্দ্য রয়েছে। দেশের যে কোন প্রয়োজন ও সংকটকালে পুলিশ ও সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে জনগণকে সাথে নিয়ে একত্রে কাজ করে থাকে। লে. কর্ণেল ফিরোজ সশস্ত্র বাহিনীর সদস্যদের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তা প্রদানের জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।