যৌন ব্যবসায় আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে মোহাম্মদপুরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী এনামুল খুন হয়েছেন। মোহাম্মদপুর থানার ওসি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভির মাধ্যমে শনাক্তকৃত মেঘলা, পারভেজ, সনি ও জুয়েল নামে চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেফতারকৃত মেঘলা মোহাম্মদপুরে নূরজাহান রোডে একটি বাসায় অবৈধ যৌন ব্যবসা করতেন। এনামুল মাঝে মধ্যে সেখানে যেতেন। এনামুলকে হত্যার দুইদিন আগে আর্থিক লেনদেন নিয়ে মেঘলার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে জুয়েল, সনি ও পারভেজ তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে ফেলে যায়। ঘটনার পর বুথে স্থাপিত সিসি টিভিতে ধারণকৃত ছবির ভিত্তিতে তদন্ত শুরু হয়।
