ওয়ার্ড পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবি

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২২:১৫
ওয়ার্ড পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক নীতিমালায় অন্তর্ভুক্ত করতে হবে। একইসঙ্গে সরকারের স্ট্যান্ডিং অর্ডার অব ডিজাস্টার (এসওডি)’র আওতাভুক্ত করাও জরুরি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশানের কার্যালয়ে ডিপিকো-৭ প্রকল্পের প্রথম অবহিতকরণ সভায় বৃহস্পতিবার সুশীল সমাজ ও স্কুলের প্রতিনিধিরা এ দাবি জানান। ঢাকা সিটি কর্পোরেশন, কনসার্ন ইউনিভার্সাল এবং ঢাকা আহ্ছানিয়া মিশন এ যৌথ সভার আয়োজন করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিটি কর্পোরেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপার্সন আখতার হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কনসার্ন ইউনিভার্সালের সহকারী প্রকল্প ব্যবস্থাপক রুনা জেসমিন। সভায় বক্তারা আরও বলেন, ঢাকা সিটি কর্পোরেশন, ভূমিকম্পের দুর্যোগ ঝুঁকিতে আছে। তারা জনসাধারণের সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি ও ইমারত নির্মাণ বিধিমালা মেনে ভবন তৈরি করতে আহবান জানান।