হেপাটাইটিস বা লিভারে প্রদাহ সাধারণত: এক ধরনের ভাইরাস থেকে হয়ে থাকে। যেমন: হেপাটাইটিস এ, বি, সি, ই ইত্যাদি। কিন্তু ভাইরাস ছাড়াও হেপাটাইটিস হতে পারে এমন একটি অনুসন্ধানী তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ড্রাগ নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংস্থা এফডিএ। এফডিএ বলেছে, তারা নন-ভাইরাল হেপাটাইটিস সংক্রমণের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন। ইতিমধ্যে এফডিএ হাওয়াইতে নন-ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যুর তথ্য পেয়েছে।
সংস্থাটি বলেছে, অক্সিএলিটপ্রো নামের এক ধরনের ডায়েটরী সাপ্লিমেন্ট থেকে হেপাটাইটিস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এফডিএ আরও বলেছে, নন-ভাইরাল হেপাটাইটিসে আক্রান্তদের অন্তত: ২৪ জনের লিভার ক্ষতিগ্রস্ত হয়। এসব লিভার ড্যামেজের রোগীদের অন্তত: দু’জনের অত্যন্ত ব্যয়বহুল লিভার ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন পড়ে। এদিকে অক্সিএলিটপ্রোর উত্পাদক কোম্পানিটি বলছে, সম্ভবত: তাদের ফুড সাপ্লিমেন্টের নকল ভারসন থেকে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা উদ্বেগজনক। যুক্তরাষ্ট্রের সিডিসি বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং হাওয়াই হেলথ ডিপার্টমেন্ট যৌথভাবে নন-ভাইরাল হেপাটাইটিস সংক্রমণের বিষয়টি তদন্ত করছে। এ ব্যাপারে ফুড সাপ্লিমেন্ট আহারের আগে অবশ্যই জেনে শুনে খেতে হবে এমন অভিমত বিশেষজ্ঞদের।
লেখক : চুলপড়া, এলার্জি,
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
