অভিনয়ে পথিক নবী

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২০:৩৭
‘আমার একটা নদী ছিল’ ও ‘আমার আমি নাইরে’খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী পথিক নবী এবার একটি নাটকে অভিনয় করলেন। নাটকের গল্পেও তিনি একজন সংগীতপ্রেমীর চরিত্রে অভিনয় করেছেন। এই ঈদে প্রচারিতব্য এই নাটক প্রসঙ্গে পথিক নবী বলেন, ‘আমি গান নিয়েই নিজের জীবনটা কাটিয়ে দিতে চাই। অভিনয়ের প্রতি অতটা শখও নেই। কিন্তু, শুভাকাঙ্ক্ষীরা আমাকে এমন একটি গল্প দিয়েছে, যার কেন্দ্রীয় চরিত্র আমি এবং আমার পেশাকে ঘিরেই গল্প। নাটকটির নামও আমার একটা গানের শিরোনাম, ‘আমার আমি নাইরে’। গল্পটা ভালোলাগা থেকেই কাজটা করা। আশাকরি নাটকটি দর্শকদের ভালো লাগবে। আর এমনিতে তো গান নিয়েই আমার সময় কাটছে। অ্যালবামের কাজ গুছিয়ে রেখেছি। অডিও শিল্পের অবস্থার উপর ভিত্তি করেই বাজারে ছাড়ব।’ উল্লেখ্য, নাটকটি রচনা করেছেন সুজয় বসাক এবং পরিচালনা করেছেন শুভজিত্ গুপ্ত। নাটকটি বিজয় টিভিতে ঈদের চতুর্থ দিন রাত ১১টায় প্রচার হবে।