রাতেও সৌরবিদ্যুত্
যুক্তরাষ্ট্রে শীঘ্রই রাতেও পাওয়া যাবে সৌরবিদ্যুত্। দেশটির অ্যারিজোনা পাবলিক সার্ভিস (এপিএস) জানিয়েছে, সোলানা জেনারেটিং স্টেশন কর্তৃপক্ষ এখন রাতে সৌরবিদ্যুতের বিষয়টি পরীক্ষা করে দেখছে। সোলানা জেনারেটিং স্টেশনে বেশ বড় একটি সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হয়েছে। সেখানে সর্বাধুনিক তাপ সংরক্ষণ প্রযুক্তিতে সূর্যের তাপশক্তি রাতের জন্য সংরক্ষণ করবে। একজন এপিএস মুখপাত্র জানিয়েছেন, তাদের আশা প্ল্যান্টটি অক্টোবরেই বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করতে পারবে। —রযটার্স
মনরোর এক্স-রে নিলামে
মেরিলিন মনরো ১৯৫০ সালে চিবুকের প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন। এরপর নাকেরও সার্জারি করান তিনি। এসব খবরের সূত্র ছিলেন মনরোর চিকিত্সক ডা. মাইকেল গার্ডিন। এবার সেই ডা. গার্ডিনের লেখা মনরোর সার্জারি বিষয়ক ‘নোটস’ ও কয়েকটি এক্স-রে-র নিলামের খবর দিয়েছে মার্কিন নিলাম কোম্পানি ‘জুলিয়েন অকশনস’। আগামী মাসের ১০ তারিখে বেভারলি হিলসে অবস্থিত জুলিয়েন অকশনস-এর কার্যালয়ে নিলাম অনুষ্ঠিত হবে। এ থেকে কোম্পানিটি ১৫ থেকে ৩০ হাজার ডলার আশা করছে। —এএফপি
স্বর্ণের স্মার্টফোন
মোবো অ্যাওয়ার্ড ২০১৩ কে স্মরণীয় করে রাখতে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি তৈরি করছে স্বর্ণ দিয়ে নির্মিত স্মার্টফোন। ১৮ ক্যারেটের খাঁটি সোনা দিয়ে নির্মিত স্মার্টফোনের দাম পড়বে প্রতিটি ৪ হাজার ৪শ’ ডলার। মিউজিক ভিডিওতে অবদানের জন্য ‘মিউজিক অফ ব্ল্যাক অরিজিন’ থিমে ১৯৯৬ সাল থেকে যাত্রা শুরু করে মোবো অ্যাওয়ার্ড। ২০১৩ সালে ১৮তম বর্ষে পদার্পণ করেছে মোবো অ্যাওয়ার্ড। এবারের উত্সবকে স্মরণীয় করে রাখতে স্বর্ণ দিয়ে নির্মিত পাঁচটি স্মার্টফোন তৈরি করছে এইচটিসি। —রয়টার্স
বিমানের শব্দে হূদরোগ
বিমানের শব্দের সঙ্গে হূদরোগের সম্পর্ক খুঁজে পেয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। তারা বলছেন, বিমানের শব্দ শোনা যায় এমন এলাকার অধিবাসীদের স্ট্রোকসহ হূদরোগ ও রক্তসংবহন তন্ত্রের রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। হিথ্রো বিমানবন্দরের কাছে ৩৬ লাখ অধিবাসীর ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, যে জায়গাগুলোতে বিমানের শব্দদূষণ সবচেয়ে বেশি সেসব জায়গায় হূদরোগের ঝুঁকি ১০ থেকে ২০ শতাংশ বেশি। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকদলের এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে। —রয়টার্স
