দেশে এখন উন্নত মানের থিয়েটার হল স্থাপনের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় থ্রিডি এবং ফাইভ ডি অ্যানিমেশন ফিল্ম প্রযুক্তির পর বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য যুক্ত হলো নাইন ডি অ্যানিমেশন। ডি-বক্স টেকনোলজির উদ্যোগে চালু হলো বাংলাদেশে প্রথম নাইন ডি অ্যানিমেশন ফিল্ম নিয়ে থিয়েটার হল। বৃহস্পতিবার রাজধানীর রাইফেলস স্কোয়ার মার্কেটে নাইন ডি থিয়েটার হল উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং চরফ্যাশনের মেয়র আবদুস সালামসহ আরও অনেকে। উদ্বোধন শেষে আসিফ আকবর বলেন, ‘এটা আমার কাছে একেবারেই নতুন এবং অভিনব অভিজ্ঞতা। আমি আমার স্ত্রী-সন্তান নিয়ে বারবার আসতে চাই এই রোমাঞ্চকর নাইন ডি থিয়েটারে। স্বল্প সময়ে ভিনগ্রহ থেকে ঘুরে আসার জন্য এটা একটা নতুন জানালা মনে হয়েছে আমার কাছে।’ এদিকে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই মিনি থিয়েটার হলে ১০-১৫ মিনিট ব্যাপ্তিকাল অ্যানিমেশন ফিল্ম প্রর্দশিত হবে। ১০০টি হলিউডের জনপ্রিয় অ্যানিমেশন ফিল্ম রয়েছে এই থিয়েটারের আর্কাইভে। অত্যাধুনিক এই মিনি থিয়েটার প্রসঙ্গে ডি-বক্স টেকনোলজির চেয়ারম্যান সাজেদুল ইসলাম সাজু বলেন, ‘আমি প্রায় বিশ বছর রাশিয়ায় অবস্থান করেছি। সেখানকার প্রতিটি শপিংমলে মিনি থিয়েটার রয়েছে। মূলত, বিদেশে দেখেই আমি দেশে অত্যাধুনিক টেকনোলজি নিয়ে নাইন ডি অ্যানিমেশন থিয়েটার হল চালু করতে উত্সাহী হই।’
