প্রকাশ হলো সাবার একক অ্যালবাম

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২০:৩৮
ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হলো এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী সাবরিনা হক সাবার একক অ্যালবাম। তারকাবহুল বিগ বাজেটের এ অ্যালবামের নাম ‘ওনলি সাবা’। এ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পীসহ বিনোদন সাংবাদিক ও গীতিকাররা। অ্যালবামটি প্রযোজনা করেছে সপ্তক অডিও ভিশন। ‘ওনলি সাবা’ অ্যালবামের বাণিজ্যিক সফলতার উদ্দেশ্যে এতে রাখা হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, কাজী শুভ ও ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী জুবিনের গান। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন নাজির মাহমুদ, রাফি, মুশফিক লিটু, অনিক সাহান ও দৃশান। সাবার দুটি ডুয়েট গানেরও ভিডিও নির্মিত হয়েছে। কক্সবাজারের দৃষ্টিনন্দন লোকশনে ভিডিও নির্মাণ করেছেন খ্যাতিমান নির্মাতা সৈয়দ আলী আহসান লিটন। গানগুলো ইতোমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে।