সোহরাব খানের চিত্রকলা প্রদর্শনী শুরু

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:২৭
শিক্ষকতা তার পেশা। কিন্তু সোহরাব খানের ছবি আঁকার প্রতি ভীষণ নেশা। রং-তুলি নিয়ে ছবি আঁকেন অনেকদিন থেকেই। কিছুদিন আগে এই শিল্পীর অকাল মৃত্যু হয়। তার দীর্ঘদিনের আঁকাআঁকির মাঝ থেকে কিছু ছবি নিয়ে প্রয়াত এই শৌখিন শিল্পীর প্রদর্শনী শুরু হলো গুলশানের বেঙ্গল ফাউন্ডেশনের বেঙ্গল আর্ট লাউঞ্জে। সোহরাব খানের স্মৃতির সম্মানে নিবেদিত এ প্রদর্শনী শুরু হয় শুক্রবার। সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর অধিকাংশ চিত্রকর্ম সৃজিত হয়েছে এ্যাক্রেলিক মাধ্যমে। সব মিলিয়ে প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে ৪০ চিত্রকর্ম। তিনদিনব্যাপী প্রদর্শনীর চলবে রবিবার পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। শিল্পী সোহরাব খান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিষয়ের অধ্যাপক ছিলেন। অবসর সময়ে তিনি ছবি আঁকতেন। তার জন্ম ১৯৭৫ সালে এবং মৃ্ত্যু ২০১৩ সালে। গৌতম চক্রবর্তীর চিত্রপ্রদর্শনীর সমাপ্তি: চিত্রকর্ম সৃজনে স্বতন্ত্র ধারার এক শিল্পী গৌতম চক্রবর্তী। দীর্ঘ ১৬ বছর পর গত ২৭ সেপ্টেম্বর থেকে উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয় এই শিল্পীর আমি শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। পক্ষকালব্যাপী এ প্রদর্শনীর শেষদিন ছিল শুক্রবার। বৌ, মিছিলের মুখগুলি, হাতি, মাদার তেরেসা, রবীন্দ্রনাথ প্রভৃতি সিরিজের ছবি স্থান পেয়েছিল গৌতম চক্রবর্তীর এবারের প্রদর্শনীতে। তবে তার সিরিজে নতুন করে যুক্ত হয়েছে ‘রাগী বিড়াল’। এছাড়াও শিল্পীর মিনিয়েচার ফর্মের বেশ কিছু কাজ দেখতে পেয়েছে শিল্পানুরাগীরা। শেষ নারী নির্মাতাদের চলচ্চিত্র উত্সব: বিগত চার দশকে দেশের নারী নির্মাতারা নির্মাণ করেছেন অনেকগুলো গুরুত্বপূর্ণ কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেসব ছবি নিয়ে গত ৬ অক্টোবর থেকে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শুরু হয় নারী নির্মাতাদের চলচ্চিত্র উত্সব। ১৯৭২ সাল থেকে চলমান সময় পর্যন্ত ২২ নারী নির্মাতার ৩১টি ছবি নিয়ে সাজানো হয় এ উত্সব। যৌথভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত ছয় দিনব্যাপী উত্সবের শেষ দিন ছিল শুক্রবার। সমাপনী দিনে প্রদর্শিত হয় ছয়টি চলচ্চিত্র। বেলা তিনটায় দেখানো হয় শাহনেওয়াজ কাকলী নির্মিত চলচ্চিত্র উত্তরের সুর। বিকাল পাঁচটায় প্রদর্শিত হয় তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের ছবি অন্তর্যাত্রা এবং নাসরিন সিরাজ এ্যানী নির্মিত চলচ্চিত্র নারীর চোওখে মাতৃত্ব। সান্ধ্যকালীন প্রদর্শনীতে দেখানো হয় আরাত্রিক বকশী, অদ্রি হূদয়েশ ও শরিফ রেজা মাহমুদ নির্মিত ছবি উজানযাত্রা। এছাড়াও প্রদর্শিত হয় শামীমা বিনতে রহমানের ছবি সং ও অব আনসাং এবং ইয়াসমিন কবির নির্মিত চলচ্চিত্র পরবাসী মন আমার।