রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণ পাবে বিটিএমএর সদস্যরা

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:২৭
বাংলাদেশ ব্যাংকে বিদ্যমান রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণ সুবিধার আওতা ও পরিমাণ বেড়েছে। এখন থেকে বিটিএমএ (বাংলাদেশ টেক্সটাইল মিল্স অ্যাসোসিয়েশন) এর সদস্য, গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাতের রফতানিকারকদের পাশাপাশি প্লাস্টিক পণ্য রফতানিকারকরাও এখান থেকে ঋণ নিতে পারবেন। এছাড়া বিটিএম’র সদস্য মিলগুলো এক কোটি ডলারের পরিবের্তে এখন থেকে এক কোটি ২০ লাখ ডলার পর্যন্ত ঋণ সুবিধা পাবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বৈদেশিক মুদ্রা লেনদেরকারী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে টেক্সটাইল খাতের সংগঠন বিটিএমএ ও বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সদস্যভুক্ত মিলের পাশাপাশি বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সদস্যরাও ইডিএফ থেকে ঋণ সুবিধা নিতে পারবে। এসব সংগঠনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান রফতানির জন্য কাঁচামাল আমদানির বিপরীতে রফতানি উন্নয়ন তহবিল থেকে ঋণ নিতে পারবে।