গ্রামবাসীর ভরসা বাঁশের সাঁকো

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:৩৭
উপজেলার বেলকা ইউনিয়নের সোনারপাড়া গ্রামবাসীর চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধ সংলগ্ন তিস্তা নদীর-নালার উপর বাঁশের সাঁকো দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করছেন ওই গ্রামের ৪ সহস্রাধিক মানুষ। ওই গ্রামের মানুষজনকে বর্ষাকালে অত্যন্ত ঝুঁকি এবং কষ্ট করে চলাচল করতে বাধ্য হতে হয়। বিগত ৫ বছর পূর্বে প্রায় ৩’শ হাত দীর্ঘ ওই নালার উপর এডিপির অর্থায়নে ব্রিজ নির্মাণ করা হলেও বন্যার স্রোতে তা ভেঙ্গে যায়। চলাচলের সুবিধার্থে বর্তমান ইউনিয়ন পরিষদ বাঁশের সাঁকোটি নির্মাণ করে দেয়। বৃদ্ধ, গর্ভবতী মা এবং শিশুদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাতে সাঁকোর উপর দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলাকাবাসী কবির হোসেন জানান, ওই স্থানে একটি ব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি। ইউপি সদস্য জহুরুল মিয়া জানান, দীর্ঘদিন থেকে এলাকাবাসী ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে চলাচল করছে।