দেশের বিভিন্ন স্থানে আটজনের পৃথক ঘটনায় অপমৃত্যু হয়েছে। খবর দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি ও থানা সংবাদদাতাদের।
হোসেনপুর(কিশোরগঞ্জ)
হোসেনপুর উপজেলার ধূলজুরী গ্রামের মোঃ শরিফ মিয়ার শিশু কন্যা তুলতুলি আক্তার (২) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার বাড়ির পিছনে পুকুর পাড়ে শিশুটি খেলা করতে গিয়ে হঠাত্ পড়ে যায়। বাড়ির লোকজন শিশুটিকে খোঁজাখুঁজির পর তার মৃতদেহ ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
নীলফামারী
পরিবারের সকলের চোখ ফাঁকি দিয়ে ক্ষেতের ধারে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই ক্ষুদে বন্ধুর সলিল সমাধি হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। কিশোরীগঞ্জ উপজেলার পুঁটিমারী ইউনিয়নের ছাদুরার পুল গ্রামের রিক্সা চালক আনোয়ার হোসেনের পুত্র মুবিন (৬) ও কাশেম আলীর পুত্র আলামিন (৬) বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয়। পরে পুকুরে মুবিন আর আলামিনের লাশ ভেসে ওঠে।
হবিগঞ্জ
বানিয়াচং উপজেলার কাবিলপুর গ্রামের নিকটে নদীর পানিতে ডুবে বারিক মিয়া (৪০) নামে এক কৃষক মারা গেছে। কুরবানির হাটে বিক্রির জন্য একটি গরু নদীতে গোসল করানোর সময় বারিক মিয়া নদীর পানির নিচে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তার মৃত দেহ উদ্ধার করে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি(ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটি উপজেলার মানপাশা গ্রামে শ্রাবণী নামে এক স্কুল ছাত্রী বুধবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আলাউদ্দিন হাওলাদারের মেয়ে এবং মানপাশা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। তাত্ক্ষণিকভাবে আত্মহত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
রামু (কক্সবাজার)
কক্সবাজারের রামুতে বৃহস্পতিবার রাতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ১ শ্রমিক নিহত হয়েছে। নিহত মমতাজ আহমদ (৩২) রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের ফরুক আহমদের পুত্র। এদিকে কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে আহমদ উল্লাহ (৪২) নামে এক চালককে খুন করে অটোরিক্সা নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত অটোরিক্সা চালক আহমদ উল্লাহ (৪২) ইসলামাবাদ ইউনিয়নের ভিলেজার পাড়ার মৃত শফিক আহমদের পুত্র।
কেরানীগঞ্জ(ঢাকা)
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর হাসনাবাদ এলাকা থেকে মোঃ হাসান(১৩) নামে এক স্কুল ছাত্রের লাশ নিখোঁজ হওয়ার তিনদিন পর গতকাল শুক্রবার উদ্ধার করে থানা পুলিশ। নিহত হাসানের বাসা রাজধানীর ৩২/৩৩ ধানমন্ডি এলাকায়। সে ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবার নাম মোঃ দুলাল হোসেন।
নিহত হাসানের বড় ভাই সজীব জানান, ৮ অক্টোবর নিহত হাসান তার ৫/৬ জন বন্ধুদের সাথে স্কুল থেকে ছুটির পর বের হয়ে গাবতলী কোরবানির গরুর হাটে গরু দেখতে আসে । গরু দেখা শেষ হলে সে বন্ধুদের সাথে আমিন বাজার বালুর ঘাট এলাকায় যায় এবং তুরাগ নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে এ সময় হাসান নদীর পানিতে তলিয়ে যায়। এতে দিনভর হাসানকে উদ্ধারের চেষ্টা চালিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
