মানিকগঞ্জে ৫০০ বস্তা অবৈধ চালসহ ৩ জন আটক

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:৪০
মানিকগঞ্জের বেউথা সরকারি খাদ্য গুদাম থেকে পাচারের সময় ৫০০ বস্তা চাল ভর্তি দুটি ট্রাকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার সকালে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বেউথা সরকারি খাদ্য গুদাম থেকে ঢাকা মোট্রা-ট- ১৬- ৯৩০৪ নং ট্রাকে ৪শ’ বস্তা চাল মাগুরাতে এবং ঢাকা মেট্রো-ন-১৪-১০২০ ট্রাকে ১শ’ বস্তা হরিরামপুরের ঝিটকা বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে সদর থানা শহরের খালপাড় ব্রিজ থেকে ট্রাক দু’টি আটক করে। একই সাথে চালক শিপলু ও ফজলুল হকসহ চাল ব্যবসায়ী বাবুল হেসেনকে গ্রেফতার করা হয়। বাবুলের বাড়ি রামপুরের গোয়ালবাগ গ্রামে। ট্রাক চালক শিবলু জানায়, মানিকগঞ্জ সদরের জয়রার আজমত ৪শ’ বস্তা চাল বিক্রয়ের উদ্দেশ্যে মাগুরা পাঠাচ্ছিল। আটককৃত চাল সম্পর্কে বেউথা খাদ্য গুদাম কর্মকর্তা খন্দকার সেলিম হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত, পরে কথা বলবেন বলে জানিয়ে মোবাইল বন্ধ করে দেন। মানিকগঞ্জ সদরের ওসি মোঃ রিজাউল হক জানান, বেউথা সরকারি খাদ্য গুদাম থেকে কাগজপত্র ছাড়াই চাল পাচার করায় এক চাল ব্যবসায়ী ও ২ ট্রাকের চালককে আটক করা হয়েছে। অপর ব্যবসায়ী আজমতকে গ্রেফতারের চেষ্টা চলছে।