নলছিটিতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:৪২
ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাত্, ক্ষমতার অপব্যবহার ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের ৯ জন মেম্বার। ওই ৯ ইউপি মেম্বার স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাব গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করা হয়। অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ওই ইউপি চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম কোন কারণ ছাড়াই দীর্ঘ ১০ মাস ধরে আইন অমান্য করে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় অনুপস্থিত রয়েছেন। তিনি নেশাগ্রস্ত অবস্থায় ইউপি সদস্য ও সদস্যাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। এমনকি কোন কোন মেম্বারকে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত্ করেছেন। ঘুষ নিয়ে টি.আর, কাবিখা প্রকল্পের সিপিসি নিয়োগ করে আসছেন। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ করা হয়েছে ওই লিখিত অনাস্থা প্রস্তাবে। ইউপি চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।