সংসদে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন পাস হলেই ৩ পার্বত্য জেলায় লাগাতার হরতালসহ আন্দোলনের হুমকি দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। গতকাল শুক্রবার রাঙ্গামাটিতে যৌথ সাংবাদিক সম্মেলনে এ হুঁশিয়ারি দেয়া হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল-মামুন ভুঁইয়া। এসময় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ রাজু, বান্দরবান জেলা সভাপতি মোঃ আতিকুর রহমান, রাঙ্গামাটি জেলা আহবায়ক নূর জাহান বেগম, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ ইব্রাহিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি সারওয়ার জাহান উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ এ আইন বাতিলের দাবি জানান।
