দৌলতপুরে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয় পার্টি (জেপি)
দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আয়োজিত দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জাতীয় পার্টি (জেপি)। জানা গেছে, গতকাল শুক্রবার হিন্দু সমপ্রদায়ের সর্ববৃহত্ ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করতে আসেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল খায়ের সিদ্দিকী (আবু)। এ সময়ে তার সফরসঙ্গী ছিলেন জাতীয় পার্টির (জেপি) মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এ.কে আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাল ও জাতীয় পার্টির (জেপি) নেতৃবৃন্দ।
বুড়িচংয়ে ৪ সহস্রাধিক পরিবারে চাল বিতরণ
কুমিল্লা প্রতিনিধি \ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল, বাকশিমুল ও পীরযাত্রাপুর ইউনিয়নের ৪ সহস্রাধিক গরীব ও অসহায়দের মাঝে গত বৃহস্পতিবার ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়। এ চাল বিতরণ করেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ ইউপি সদস্যরা।
মঠবাড়িয়ায় পৌর মেয়রকে সংবর্ধনা
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস ঢাকা থেকে মঠবাড়িয়া আসার পথে গত বৃহস্পতিবার তুষখালী বন্দরে দলীয় নেতাকর্মীরা এক সংবর্ধনা দেন। এসময় বক্তব্য রাখেন আ’লীগ নেতা আরিফ-উল হক, যুবলীগ নেতা শাকিল আহমেদ নওরোজ ও ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সোহেল প্রমুখ।
নান্দাইলে দু’জন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের নান্দাইল উপজেলা পর্যায়ে চলতি বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’জন শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিক্ষকরা হলেন: চারিআনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান আর নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলি আক্তার খাতুন।
গাংনীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও স্মারকলিপি
গাংনী(মেহেরপুর)সংবাদদাতা \ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা কমপক্ষে ৫ হাজার টাকা নির্ধারণ, রেশন প্রদান ও বিদ্যুত্ বিল মওকুফের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা দাবি বাস্তবায়ন কমিটি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দাবি বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা সাবেক মুিক্তযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা ,আহবায়ক আব্দুল হান্নান প্রমুখ।
মনপুরায় প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষাকল্পে সভা
মো.ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা \ ভোলার মনপুরা উপজেলা মত্স্য সম্পদ বিভাগের উদ্যোগে নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্যাহ আল বাকীর সভাপতিত্বে মা ইলিশ সংরক্ষণ (অবরোধ কর্মসূচি) পালনের রক্ষাকল্পে স্থানীয় জনপ্রতিনিধি, আড়ত্দার, জেলে, মাঝি,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন মনপুরা থানার অফিসার ইনচার্জ গাজী সাহিদুর রহমান,উপজেলা মত্স্য অফিসার মোঃ আবুল বাশার, ২নং হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, অধ্যাপক এ.কে.এম শাহজাহান,প্রেসক্লাব সম্পাদক মোঃ ছালাহউদ্দিন প্রমুখ।
মেহেরপুরে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন
মেহেরপুর প্রতিনিধি \ ডিপ্লোমা শিক্ষার্থীদের পদ মর্যাদা বৃদ্ধির দাবিতে গেল ২৯ ও ৩০ সেপ্টেম্বর সারাদেশে আন্দোলনের সময় আটককৃত ছাত্রদের মুক্তির দাবিতে পরীক্ষা বর্জন করেছে মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীরা শহরের ওয়াপদা মোড়ে সড়ক অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ছাত্রদেরকে বুঝিয়ে কলেজে পাঠায়। তবে তারা পরীক্ষায় অংশ নেয়নি।
মুন্সীগঞ্জে স্যানিটেশন দিবসের আলোচনা সভা
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জে গত বৃহস্পতিবার জাতীয় স্যানিটেশন দিবসের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকোশলী মো. শেখ সাদী রহমতউল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো এহসানুল করিম প্রমুখ।
বেলকুচির জলাশয়ে শিং-মাগুরের পোনা অবমুক্ত
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ বেলকুচিতে চিহ্নিত জলাশয়ে শিং-মাগুর মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার এ পোনা অবমুক্ত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুবজী খান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা মত্স্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল আরেফিন জুয়েল প্রমুখ। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শাহাদত্ হোসেন সিদ্দিকি, উপজেলার সফল মত্স্য খামারি শাহাদত্ বিশ্বাস, গাজী সিরাজুল ইসলাম, ফজল হোসেন, ফরিদুল ইসলাম প্রমুখ।
নিয়ামতপুরে আশার কর্মশালার সমাপ্তি
নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি উন্নয়ন সংস্থ্া আশা’র নিয়ামতপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে ৬ দিনব্যাপি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা গত বৃহস্পতিবার সমাপ্তি হয়েছে। এ উপলক্ষে উপজেলার ৮টি ব্রাঞ্চে সভা অনুষ্ঠিত হয়। এ সময় আশার আঞ্চলিক ম্যানেজার মোঃ আমিরুল ইসলাম আশা নিয়ামতপুর ব্রাঞ্চের বিএম টিএম খাজা নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাঞ্ছারামপুরে বিএনপির কমিটি গঠন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি কমিটি গঠন করা হয়েছে। পুনরায় সাবেক সংসদ সদস্য এম এ খালেক (পিএসসি) সভাপতি, আবদুল মান্নান সাধারণ সম্পাদক ও একেএম মুসাকে সাংগঠনিক সম্পাদক করে ১৩৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি গঠনের দীর্ঘ সাড়ে চার বছর পর গত বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়।
কাউন্সিলরদের ভোটে সোনাইমুড়ী আওয়ামী লীগের কমিটি
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের সরাসরি ভোটে পারভেজ আলম সভাপতি এবং হুমায়ন কবির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.ফ.ম. বাবুল।
রাণীনগরে ইউপি ছাত্রদলের মতবিনিময়
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রাণীনগরে গত বৃহস্পতিবার রাণীনগর থানার মিরাট ইউপি ছাত্রদলের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। থানা ছাত্রদলের আহ্বায়ক শরিফ মাহমুদ সোহেলের সভাপত্বিতে বক্তব্য রাখেন থানা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মতিউর রহমান স্বপন, থানা বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মোস্তাক আহমেদ, নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সাগর প্রমুখ।
লামায় আনন্দ স্কুলে পোশাক বিতরণ
লামা (বান্দরবান) সংবাদদাতা \ উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বগাইছড়ি এলাকায় ২টি আনন্দ স্কুলের শিক্ষার্থীর মাঝে পোশাক বিতরণ সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার। এ পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মো. একরামুল হক। বিশেষ অতিথি ছিলেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য আমেনা বেগম।
পূর্বধলার শ্রেষ্ঠ শিক্ষক জাকির আহমেদ খান কামাল
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলায় কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমেদ খান কামাল উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। জানা গেছে, যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৩ এর আওতায় জাকির আহমেদ খান কামালকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। উল্লেখ্য, তিনি গত ২০০৫ ও ২০১১ সালে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক লাভ করেন। ২০০৯ ও ২০১০ সালে বেসরকারি সংস্থা বিএসবি ফাউন্ডেশন কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
শ্রীপুরে জনতার হাতে ২ ছিনতাইকারী আটক
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার রাজাবাড়ী বাজারে গরুর হাটে গরু কিনতে যাওয়াকালে এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতা ২ ছিনতাইকারীকে মোটর সাইকেলসহ আটক করেছে। আটককৃতরা উপজেলার মাওনা ইউনিয়নাধীন বারতোপা গ্রামের ছাত্তার মোল্লার পুত্র মাসুদ(২২) ও মোছলেম মীরের পুত্র জনি (২৩)। ধৃতকালে অপর ছিনতাইকারীরা পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারীদের কাছ থেকে পুলিশ একটি নকল প্লাস্টিকের পিস্তল উদ্ধার করেছে।
রাজবাড়ীতে যৌতুকলোভীর কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি \ গত বৃহস্পতিবার দুপুরে আদালত রাজবাড়ী জেলা সদরের বানিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে এমদাদ আলী ছেলে যৌতুকলোভী সেনাসদস্য সৈয়দ আহম্মেদকে দু’বছরের সশ্রম কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে। তবে সে পলাতক রয়েছে।
রামুতে প্রবারণা পূর্ণিমা ও জাহাজ ভাসা উত্সব কমিটি
রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামুতে প্রবারণা পূর্ণিমা ও জাহাজ ভাসা উত্সব উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রামু সীমা বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে পলক বড়ুয়া আপ্পুকে প্রধান সমন্বয়কারী, জ্যোতির্ময় বড়ুয়া রিগ্যান আহ্বায়ক, মিথুন বড়ুয়া বোথাম সদস্য সচিব, বিপ্লব বড়ুয়া শুনুকে অর্থসচিব নির্বাচিত করা হয়। প্রজ্ঞানন্দ ভিক্ষুর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন সাংবাদিক নীতিশ বড়ুয়া।
ভালুকা নাট্যগোষ্ঠীর নির্বাচন সম্পন্ন
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ভালুকা নাট্যগোষ্ঠীর ত্রিবার্ষিক নির্বাচন গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাট্যগোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে কামরুজ্জামান মানিক সভাপতি ও এ এস এম সাখাওয়াত্ হোসেন সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অপরাপর কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি বীরেন রায়, যুগ্ম সম্পাদক শাহ্ মোঃ আকরাম হোসেন, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, সাহিত্য, সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান জামাল, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রফিক ও বিজয় কুমার সরকার।
মুরাদনগরে নবনির্বাচিত শিক্ষক নেতাকে সংবর্ধনা
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিডিয়া সম্পাদক নির্বাচিত হওয়ায় কামরুল ইসলাম শাহীনকে গত বৃহস্পতিবার সংবর্ধনা দেয়া হয়। সমিতির কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসম্পাদক ছালেহা আক্তার। বিশেষ অতিথি ছিলেন মোখলেছুর রহমান, কামরুল হাসান, রেবেকা আক্তার।
রায়গঞ্জ-তাড়াশে বিএনপি নেতার শোডাউন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রায়গঞ্জ উপজেলা যুবদল সভাপতি ভিপি আয়নুল হক মোটর সাইকেলের বহর নিয়ে রায়গঞ্জ-তাড়াশে শোডাউন করেছেন। গতকাল শুক্রবার ১ হাজার ১১২টি মোটর সাইকেল নিয়ে শোডাউন করা হয়। এসময় রাস্তার দু’পাশে শত শত উত্সুক নারী-পুরুষ জনতা ভিড় জমায়। তারা হাত নেড়ে মনোনয়ন প্রত্যাশী নবীন প্রার্থীকে অভিনন্দন জানায়।
বোদা পৌর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি \ বাংলাদেশ ছাত্রলীগ বোদা পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আলম সিদ্দিকী তেনজিন সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু। সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা।
