কসবার লক্ষ্মীপুরে ঘুমিয়ে আছে ১২ শহীদ

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ১৯:৫৬
কসবা উপজেলার লক্ষ্মীপুর একটি সুন্দর ছায়া সুনিবিড় গ্রাম। উঁচু-নিচু পাহাড়-টিলা বেষ্টিত এ লক্ষ্মীপুর গ্রাম ত্রিপুরার পাদদেশে অবস্থিত। কসবা সদর থেকে পূর্ব -উত্তরে প্রায় ৫ কিলোমিটার দূরে গোপিনাথপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা গ্রাম লক্ষ্মীপুর। ১৯৭১ সালে তত্কালীন ইপিআর ৩ পাকাসেনাকে কসবা থেকে খতম করে আকবপুর সীমান্তেই গর্ত করে মাটি চাপা দেয়। মুক্তিযুদ্ধে এ লক্ষ্মীপুর গ্রামসহ সীমান্তের আরো ক’টি গ্রাম ছিল মুক্তাঞ্চল হিসেবে পরিচিত। এই গ্রামেই ঘুমিয়ে আছে বাংলার স্বাধীনতা আন্দোলনের ১জন সেনানায়কসহ ১২ জন বীর মুক্তিযোদ্ধা। যাদের রক্তে দেশ আজ স্বাধীন। কিন্তু দুঃখজনক হলেও সত্য এ পর্যন্ত লক্ষ্মীপুরের সমাধিস্থলের তেমন উন্নয়ন ও পরিচর্যা হয়নি। ১৯৭১ সালের ১১ অক্টোবর কসবা রেলওয়ে স্টেশনে সম্মুখসমরের নায়েক আবুল হাসেম শহীদ হলে তার লাশ লক্ষ্মীপুরে দাফন করা হয়। পরবর্তীতে ২২ অক্টোবর কসবার কনভেনশনাল যুদ্ধে ৪ জন শহীদ মুক্তিযোদ্ধাকে লক্ষ্মীপুরে সমাধিস্থ করা হয়।