বাঞ্ছারামপুর তাঁত বোর্ড ফ্যাসিলিটিজ সেন্টার

২৫ বছর পরও চালু হয়নি

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ১৯:৫৭
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার তাঁত বোর্ড ফ্যাসিলিটিজ সেন্টার। উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তিতাস নদীর পূর্বপাড়ে ২৬২ শতক জমিতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই সেন্টার । এটি নির্মাণের উদ্দেশ্য ছিল বাঞ্ছারামপুরসহ আশেপাশের উপজেলার তাঁতীদের রং, মাকু ও সুতার চাহিদা পূরণ করা এবং এলাকার বেকার জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। কিন্তু যাদের জন্য প্রতিষ্টানটি নির্মাণ করা হয়েছে সেই তাঁতীরা এখন পর্যন্ত এর কোন সুফল পাননি । নির্মাণের ২৫ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি এই প্রতিষ্ঠানের কার্যক্রম। বছরের পর বছর অযত্ন-অবহেলায় পড়ে থেকে মরিচা ধরেছে সেন্টারের কোটি কোটি টাকার যন্ত্রপাতিতে। কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক, ডরমিটরিসহ ভবনগুলোর গায়ে শ্যাওলা পড়ে গেছে। এলাকার তাঁতীদের সাথে আলাপ করে জানা গেছে যে,বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ১২৩টি গ্রামে প্রায় ৩০ হাজার তাঁত ছিল, এতে প্রায় ৫০ হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করতো। প্রতিটি গ্রামেই শুনতে পাওয়া যেত মাকুর খট খট শব্দ। দিন রাত অবিরাম সচল থাকত তাঁতগুলো। এখন আর তাঁত কলের শব্দ শোনা যায় না ।