এ সময়ের টিভিপর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সজল গেল ক’বছর ধরেই নাটকে শীর্ষ অবস্থানটা ধরে রেখেছেন। এই ঈদেও এর ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ জানিয়েছেন তিনি। প্রায় প্রতিটি চ্যানেলে ঈদের প্রতিটি দিনেই পাওয়া যাবে তার অভিনীত বিশেষ নাটক ও টেলিফিল্ম। অভিনয় করেছেন ভিন্নধর্মী সব চরিত্রে। সজল বলেন, ‘আগের মতো হয়তো সংখ্যার দিক দিয়ে সবার থেকে এগিয়ে নাও থাকতে পারি। এর কারণটা হলো খুব বেশি মানের দিকে নজর পড়েছে। খ্যাতিমান কিংবা তরুণ বিবেচনায় নয়, কার কাজটা কতটুকু ভালো কনসেপ্টের সেই হিসেবে। এভাবেই এখন থেকে সামনের দিনগুলোতে কাজ করতে চাই। এই ঈদে বেশ কিছু নাটকে দর্শকেরা আমাকে ভিন্ন ও নতুনভাবে দেখতে পাবে।’ উল্লেখ্য, ফেরদৌস হাসানের পরিচালনায় ‘সৌরভ’, ‘যুদ্ধ এবং প্রেম’, ‘প্রমিলা ক্রিকেট কোচিং’ শিরোনামের তিনটি নাটকে অভিনয় করেছেন সজল। নাটকগুলো এই ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।
