নিঃসঙ্গ গ্রহের সন্ধান
সৌরজগতের বাইরে এমন একটি গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিদরা, যা কোন নক্ষত্রকে ঘিরে কক্ষপথে ঘুরছে না বরং একাকী ভেসে বেড়াচ্ছে। জ্যোতির্বিদরা যার নাম দিয়েছেন পিএসও-জে৩১৮.৫-২২। এটি অবস্থান পৃথিবী থেকে মাত্র ৮০ আলোকবর্ষ দূরে। গ্রহটির ভর বৃহস্পতির চেয়ে ৬ গুণ বেশি। গ্যাসপূর্ণ গ্রহটি ১ কোটি ২০ লাখ বছর পূর্বে সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা। মানোয়ার হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমি ইনস্টিটিউটের গবেষণা দলের প্রধান মাইকেল লিউ জানালেন, মহাকাশে এমন নিঃসঙ্গ গ্রহের সন্ধান এর আগে তারা পাননি। —এএফপি
ডল ক্যামেরা
ছবি তুলতে স্মার্টফোনের ক্যামেরা বেশ জনপ্রিয়। ট্যাবলেট কম্পিউটার বা ডিজিটাল ক্যামেরাও ব্যবহূত হয় ছবি তুলতে। এবার বার্বি ডলেও ক্যামেরা যুক্ত করেছে নির্মাতারা। বার্বি ডলে বিল্ট ইন ক্যামেরা দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলা যাবে। বার্বি ডলটির পোশাকও গতানুগতিক। সাজানো-গোছানো চুলের এ পুতুলটি দিয়ে অসাধারণ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা যাবে। ছবি তুলতে পুতুলের ভিতর রয়েছে একটি বিল্টইন ক্যামেরা। যেটি গতানুগতিক ডিজিটাল ক্যামেরার চেয়ে উন্নতমানের ছবি তুলতে সক্ষম। —রয়টার্স
স্পর্শে অনুভূতি জোগাবে ছবি
ছবির কোন অংশ স্পর্শ করলে মানুষের মস্তিষ্কে তার অনুভূতি তৈরি হবে। ডিজনি ল্যাবে ইলেক্ট্রো-ভাইব্রেশন সিস্টেমের এক পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে, যাতে ছবির উপর স্পর্শ করলে তা অনুভব করা যাবে। এ প্রক্রিয়ায় ছবির উপর আঙুল দিয়ে স্পর্শ করলে হালকা কম্পন অনুভূত হবে। ডিজনি রিসার্চ ল্যাবের ড. আলি ইশরার ও তার সহকর্মীরা পিটসবার্গের ডিজনি ল্যাবে এটি তৈরি করেন। গবেষণা দলের এক কর্মকর্তা জানান, ছবিতে আঁকা কোন কিছুতে স্পর্শ করলে কৃত্রিমভাবে সে অনুভূতি তৈরি হবে। —বিবিসি
আয়ু জানাবে ঘড়ি
হাতঘড়ি আপনার জীবনের অবশিষ্ট সময় জানাবে। এটি হাতে পরার আগে বেশ কতগুলো প্রশ্নের জবাব দিতে হবে। যেমন আপনার কোনো চর্মরোগ বা অ্যালার্জি আছে কি না, পরিবারের কারও ক্যান্সার বা প্রাণঘাতি কোনো রোগ ছিল কি না, প্রতিদিন কতটুকু সময় ব্যয়াম করেন, খাদ্যাভাস কেমন? এ রকম কিছু স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের জবাব দেয়ার পর ঘড়িতে শুরু হবে কাউন্ট ডাউন। —রয়টার্স
