জমির আইলে কম খরচে সবজি চাষ

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২০:৫৫
রাজশাহীর গোদাগাড়ীতে ধানি জমির আইলে সবজি চাষ করে বাড়তি আয় করছে কৃষক। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর জানিয়েছে তাঁরা ৩০ জন কৃষককে এ ব্যাপারে প্রশিক্ষণ দিয়েছে। উপজেলার মাটিকাটা, দেওপাড়া ও পাকড়ী ইউনিয়নে ধানের আইলে আগাম জাতের শিম ও চাল কুমড়া চাষ হচ্ছে। ঈশ্বরীপুর গ্রামের প্রশিক্ষন প্রাপ্ত কৃষক আহাদ আলী বলেন, ২টি মাচান তৈরিতে খরচ হয়েছে ৭শ’ টাকা। কিন্তু শিম বিক্রি করে পেয়েছে ১২ হাজার টাকা। গোপালপুরের কৃষক এনামূল হক বলেন, জমিতে দেয় সার আইলের সবজি চাষের কাজে লাগে। এজন্য খরচ একেবারেই নেই। পাকড়ী ইউনিয়নের বংপুরের কৃষক মতিউর রহমান বলেন, বরেন্দ্র অঞ্চলে ধানী জমির আইলগুলো অনেক চওড়া ও উঁচু হওয়ায় সবজি চাষের উপযোগী। গত কয়েক বছর বৃষ্টি নির্ভর রোপা আমন চাষে সেচ খরচ বৃদ্ধি পাচ্ছে। তাই আমনে তেমন লাভ হচ্ছে না। তবে জমির আইলে সবজি চাষ ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দেয়ায় এই চাষ কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।