দৌলতপুরে ধ্বংসের পথে শিবমন্দির

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২০:৫৬
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী একমাত্র শিবমন্দির এখন অযত্নে আর অবহেলায় ধ্বংসের পথে। এটি যেন এখন পূজারীদের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। জানা যায়, ১৯৭৬ সালে এলাকার যশোদা লাল বসাকের তিন পুত্র উপেন্দ্র নারায়ণ বসাক, নারায়ণ চন্দ্র বসাক ও প্রাণ কৃষ্ণ বসাক এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পরে এর পাশে শ্মশান স্থাপন করে এটিকে শিব মন্দির ও শ্মশানে পরিণত করা হয়। এই শিব মন্দিরে উপজেলার সংখ্যালঘু সমপ্রদায় শিব পূজাসহ কালী পূজা ও হরগরি পূজা করে থাকে। শিব মন্দিরকে কেন্দ্র করে উপজেলার সবচেয়ে বড় চৈত্র মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু প্রতিষ্ঠার ৩৭ বছর পরেও এই মন্দিরটিতে কোন উন্নয়ন কিংবা সংস্কারের ছোঁয়া লাগেনি। শিব মন্দিরের সাধারণ সম্পাদক নিরাঞ্জন কর্মকার, পূজারী বিশ্বনাথ চক্রবর্তী ও রক্ষক আনন্দ কর্মকার জানান, শিব মন্দিরটি স্থাপনের পরে এটিকে সরকারিকরণ করা হয়। বর্তমানে মন্দিরটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যে কোন সময় ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন পারভীন জানান, মন্দিরটির উন্নয়ন ও সংস্কারের জন্য আমাদের কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে।