গাইবান্ধায় ২ জনসহ বিভিন্নস্থানে সাতজনের অপমৃত্যু

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২০:৫৭
গাইবান্ধা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় সাতজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। গাইবান্ধা গাইবান্ধার নলডাঙ্গা ও কিশামত সর্বানন্দ এলাকায় গতকাল শনিবার ট্রেনের নিচে লাফিয়ে পড়ে দুই মহিলা আত্মহত্যা করেন। নিহতরা হলেন— সাদুল্লাপুর উপজেলার মান্দুয়ার পাড়া গ্রামের আইয়ুব আলীর স্ত্রী শাহেরা বেগম (৪০) ও সুন্দরগঞ্জ উপজেলার কিশামত সর্বানন্দ গ্রামের মৃত মছির উদ্দিনের স্ত্রী কাইথলিনি বেওয়া (৭০)। এ বিষয়ে বেনারপাড়া রেলওয়ে থানায় দু’টি মামলা হয়েছে। বেনারপাড়া রেলওয়ে থানার ওসি মো. সাইদুর রহমান জানান, কাইথলিনি বেওয়ার লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে। শাহেরা বেগমের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সাতক্ষীরা সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর হজরত আবু বকর (রহ.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় গত শুক্রবার বিদ্যুত্স্পৃষ্টে জাহাঙ্গীর নামে (৩২) এক কর্মচারী মারা গেছেন। সে ঐ মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী। জানা যায়, নিহত জাহাঙ্গির সকালে মাদ্রাসার একটি কক্ষে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন। সাঁথিয়া (পাবনা) পাবনার সাঁথিয়ায় গতকাল শনিবার সকালে অভিমান করে শাহিদা (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন। সে উপজেলার চকপাট্টা গ্রামের মান্নানের স্ত্রী। সাঁথিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। শ্রীপুর (মাগুরা) মাগুরার শ্রীপুর উপজেলার গোপালপুর গ্রামে গত শুক্রবার বিকালে পানিতে ডুবে আরজু শেখের পুত্র জাকারিয়া শেখ (২) নামে এক শিশু মারা গেছে। নাগরপুর (টাঙ্গাইল) টাঙ্গাইলের নাগরপুরে গত শুক্রবার বিকালে বিদ্যুত্স্পৃষ্টে মোসা. মুন্নী আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পূর্বপাড়া গ্রামের আফছার আলীর মেয়ে। এদিকে বারাপুষা গ্রামের মো. সুরজাল আলীর স্ত্রী শেফালী আক্তার কনক (৩০) নামে বাঁশঝারে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।