চারিদিকে বহ্মপুত্র নদ পরিবেষ্টিত চরাঞ্চল গফরগাঁও উপজেলার দুর্গম চরআলগী ইউনিয়নে ৩০ কিলোমিটার বিদ্যুত্ সংযোগ উদ্বোধনের মধ্যে দিয়ে অবহেলিত চরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। গত বৃহসপতিবার চরআলগী বিশ্বরোড বাজারে এক সুধী সমাবেশের মাধ্যমে স্থানীয় এমপি ক্যাপ্টেন (অবঃ) গিয়াস উদ্দিন আহম্মেদ বিদ্যুত্ সংযোগ উদ্বোধন করেন।
চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আজ থেকে দেড় দশক পূর্বে ১৯৯৭/৯৮ সালে তত্কালীন স্থানীয় এমপি মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের প্রচেষ্টায় পিডিবি চরআলগী ইউনিয়নে বিদ্যুতায়নের প্রকল্প গ্রহণ করে। চরআলগী ইউনিয়নে বিদ্যুতায়নের জন্য খুঁটি স্থাপন করা হয় এবং ট্রান্সফর্মার, তার ও অন্যান্য আনুসঙ্গিক সরঞ্জাম বরাদ্দ করা হয়। ২০১১ সালের শেষ দিকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যুত্ মন্ত্রণালয় চরআলগী ইউনিয়নে বিদ্যুতায়ন নামক একটি প্রকল্প গ্রহণ করে। এবার চরআলগী ইউনিয়নে বিদ্যুতায়নের জন্য ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি-২কে দায়িত্ব দেয়া হয়। ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি-২, ৪টি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে এপ্রিল ২০১২ থেকে জুলাই ২০১৩ এর মধ্যে চরআলগী ইউনিয়নে বিদ্যুতায়নের কাজ সমাপ্ত করে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি-২, গফরগাঁও জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, চরআলগী ইউনিয়নে বিদ্যুতায়নের জন্য কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি থেকে বিদ্যুত্ কেনা হয়েছে।
