টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুর উপজেলা সীমান্ত এলাকার ঘেচুয়া গ্রামের একটি সন্ত্রাসী বাহিনী প্রায় পাঁচ একর জমি দখল করে নিয়েছে। এঘটনায় পুলিশের কাছে অভিযোগ করায় পরিবারটি নিরাপত্তা সংকটে পড়েছে। জানা গেছে, ঘেচুয়া মৌজায় ১২৮ খতিয়ানের ৩২৬ নাং দাগের ৪ একর ৬৫ শতাংশ জমি পৈত্রিক সুত্রে মৃত দানেজ আলীর পরিবার কাটা তারের বেড়া দিয়ে ভোগ করে আসছে। সম্প্রতি নলুয়া এলাকার আলেফ (৫০), মজনু (৪৫), মানিক (৪) ও ঘেচুয়ার আব্দুর রউফ (৪২) রাতের আঁধারে ওই জমি দখল করে নিয়ে ৫/৬শ’ গাছ কেটে নিয়েছে। পৈত্রিক সম্পত্তি উদ্ধার ও জানমালের নিরাপত্তা চেয়ে ওই পরিবারের পক্ষে জাকির হোসেন ৯ জুন টাঙ্গাইলের পুলিশ সুপারের নিকট আবদেন করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী দখলদাররা ওই পরিবারটিকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। এমনকি তারা আদালতেও যেতে পারছে না। দখলদার মজনু গং অভিযোগ অস্বীকার করে বলেছেন, দলিল মূলে তারা জমির দখল নিয়েছে। কিন্তু কিভাবে তারা ওই জমির দলিল পেয়েছে সে ব্যাপারে সঠিক তথ্য দিতে পারেনি। এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, এব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
