ভারত অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শুরু আজ

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২১:৪৬
ওয়ানডে ক্রিকেটের দাপুটে শক্তি ভারত আজ রবিবার পুণেতে অস্ট্রেলিয়ার মোকাবেলার মধ্য দিয়ে সীমিত ওভার ক্রিকেটের বিশ্ব র্যাংকিংয়ে নিজেদের শীর্ষ স্থান ধরে রাখার চেষ্টা চালাবে। ভারত চলতি বছর ওয়ানডেতে দারুন সময় কাটিয়েছে। ২০১৩ সালের শুরুতে পাকিস্তানের সাথে তিন ম্যাচের এক সিরিজে হারের পর থেকে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি কেবল জিতেই চলেছে। তবে অস্ট্রেলিয়ার বর্তমান দলটি চেষ্টা চালাবে ফেব্রুয়ারী মার্চে অনুষ্ঠিত টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানের হারটির শোধ নিতে। যদিও মাইকেল ক্লার্কবিহীন অজি দলের জন্য কাজটি কঠিনই। দুদেশের মধ্যকার চলতি ক্রিকেট লড়াইয়ের শুরু হয় রাজকোটে একমাত্র টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। এতে যুবরাজ সিংয়ের ৩৫ বলে তোলা ৭৭ রানের নৈপুণ্যে ভারত জয়ী হয়। অস্ট্রেলিয়া সম্প্রতি ইংল্যান্ডের কাছে অ্যাশেজ সিরিজে হারলেও ওয়ানডেতে জয়ী হয়। কিন্তু নিজের মাঠে ভারত অসম্ভব প্রতাপশালী এক দল। ভারতীয়রা সেটা অতিথিদের বুঝিয়ে দেয় রাজকোটে যেখানে ২০০ রান করেও জিততে পারেনি অস্ট্রেলিয়া। সফরকারীরা ব্যাটিংয়ে শক্তিপনা দেখালেও তাদের বোলিং দুর্বল। বিশেষ করে কার্যকর একজন স্পিনারের ঘাটতি আছে দলটিতে। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও বোলিং নিয়ে খানিকটা ভাবার আছে। কারণ রাজকোটে পেসার ইশান্ত শর্মা ও স্পিনার রবিচন্দন অশ্বিনকে সুবিধা করতে দেয়নি অজিরা। সফরকারীদের সফল হতে হলে তাদের ব্যাটসম্যানদের আরেকটু বেশি সময় ক্রীজে কাটাতে হবে। চলতি ভারত সফরে দলটিতে সবচাইতে অভিজ্ঞ হলেন অলরাউন্ডার শেন ওয়াটসন। তার নৈপুণ্যে জ্বলে ওঠার উপরও অস্ট্রেলিয়দের ভারত সফরটি অনেকখানি নির্ভর করবে।