তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের জন্য রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি পরিবর্তন অপরিহার্য। এক্ষেত্রে নবীন ও প্রবীণের রাজনীতিতে অংশগ্রহণ মুখ্য বিষয় নয়। দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য প্রদান বাধা কায়েমি স্বার্থগোষ্ঠী। তাদের কারণেই গণতন্ত্র, নির্বাচন ও উন্নয়ন নিয়ে এত শংকা। এ গোষ্ঠীর শৃঙ্খল ভাঙতে ও চলমান রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
শনিবার জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘স্টুডেন্ট পার্লামেন্ট’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর বসুন্ধরা সিটিতে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
‘যুক্তির আরশিতে বিম্বিত হোক আগামীর সংসদ’ এই শ্লোগান ধারণ করে দেশের ২৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ফেব্রুয়ারি মাসে এই প্রতিযোগিতা শুরু হয়। গতকাল চূড়ান্ত প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন এবং বিরোধী দল হিসাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রানার আপ হয়।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের রাজনীতিতে তরুণ নেতৃত্বকে সিনিয়র রাজনীতিবিদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। একইসাথে রাজনীতির গুণগতমান পরিবর্তনে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজীশ আলী খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ ও ক্যামব্রিয়ান কলেজের পরিচালক নুরুল ইসলাম ভুঁইয়া।
