রাজধানীর কাফরুলে ঝুড়িতে রাখা মস্তকবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শেওড়াপাড়া একটি ফাঁকা জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরনে ছিল কালো শার্ট ও জিন্সের প্যান্ট। বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে। লাশ পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে।
ঘটনাস্থল পরিদর্শনকারী কাফরুল থানার সাব-ইন্সপেক্টর সারওয়ার আলম খান জানান, শেওড়াপাড়ার ডরিং গার্মেন্টেসের পাশে ফাঁকা জায়গায় ময়লা আবর্জনার স্তূপের মধ্যে একটি বড় ঝুড়ি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মস্তকবিহীন লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
তিনি বলেন, লাশটি চাদর দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে যে কোন সময় ঐ ব্যক্তিকে হত্যা করা হয়। মস্তক উদ্ধারের চেষ্টা চলছে।
