বড়াল নদী রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২২:১৩
পানি উন্নয়ন বোর্ডের হাত থেকে বৃহত্তর রাজশাহীর বড়াল নদী বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও জাতীয় নদী রক্ষা আন্দোলন। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ আহবান জানানো হয়। সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য রাখেন বাপা’র সাধারণ সম্পাদক ও জাতীয় নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ডা. মো. আব্দুল মতিন। বক্তব্য রাখেন লেখক সৈয়দ আবুল মকসুদ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রাক্তন সভাপতি শফিউদ্দীন সরকার। সৈয়দ আবুল মকসুদ বলেন, বড়াল রক্ষায় কোন পদক্ষেপই সফল হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনায় বড়াল নদী মৃতপ্রায়। তাই এ নদী রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।