ইয়াবা উদ্ধার, তিন বিক্রেতা গ্রেফতার

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২২:১৪
রায়েরবাজারে র্যাব অভিযান চালিয়ে ইয়াবার তিন পাইকারি বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, পাভেল চৌধুরী, মশিউর রহমান রাজীব ও সজীব। তাদের কাছ থেকে ২টি চোরাই প্রাইভেট কার, ১টি মোটরসাইকেল, ১৯শ’ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির সাড়ে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দীন খান জানান, শুক্রবার রাত ৩টার দিকে পূর্ব রায়ের বাজারের ২৩১/৩ বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাইভেট কারের সিএনজি সিলিন্ডারের মধ্যে লুকিয়ে ইয়াবা ঢাকায় এনে পাইকারি বিক্রি করে। এর আগে এই তিনজন গত ২৯ সেপ্টেম্বর বাড্ডা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। পরে জামিনে মুক্তি পেয়ে আবারও ইয়াবা ব্যবসা শুরু করে। গত বৃহস্পতিবার তারা কক্সবাজার থেকে একটি প্রাইভেট কারের সিএনজি সিলিন্ডারের ভিতরে লুকিয়ে প্রায় ১ লাখ ইয়াবা ঢাকায় আনে। ১৯শ’ পিস ছাড়া বাকি ইয়াবা শুক্রবার বিকালের মধ্যেই খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।