ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩০ মিনিটে মাছরাঙায় প্রচার হবে রবিন খানের পরিচালনায় টেলিফিল্ম ‘বিবাহ রাশির জাতক’। এটি রচনা করেছেন ফারারী ফরহাদ। এতে অভিনয় করছেন—চঞ্চল চৌধুরী, বিন্দু, স্বাধীন খসরু, রোজী সিদ্দিকী প্রমুখ। এর গল্পে দেখা যায়, এক লোকের পুরো নাম মোহাম্মদ সালাউদ্দিন। কেউ কাটছাট করে বললে সে ভীষণ বিরক্ত হয়। স্বল্প শিক্ষায় শিক্ষিত এই যুবক ভীষণ প্রেমিক পুরুষ। সে এ পর্যন্ত প্রেম করেছে বত্রিশটা। সে যে মেয়ের সঙ্গেই প্রেম করে কিছুদিন পর তার বিয়ে হয়ে যায়। এলাকার লোকজন তাকে জানে বিবাহ রাশির জাতক হিসেবে। সোনা মিয়া স্ত্রী ভক্ত পুরুষ। তার ছোটবোন রুপার বিয়ের বয়স পার হয়ে গেলেও বিয়ে হচ্ছে না। সোনা মিয়া এজন্য অস্থির। সোনা মিয়ার অনুরোধে মোহাম্মদ সালাউদ্দিন বেতনভুক্ত হয়ে রুপার সঙ্গে প্রেম করা শুরু করে। এক সময় উন্মেচিত হয় এক নতুন তথ্য।
