বড়াইগ্রামে যুবদল নেতা হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২১:২৫
নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল বাশার মাস্টারকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যার সাথে জড়িতদের আটক ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল শনিবার উপজেলার মেরিগাছা বাজারে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে দুই সহস্রাধিক নারী-পুরুষের অংশগ্রহণে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনকালে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এ্যাড. শরিফুল হক মুক্তা, নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সাজদার রহমান, গুরুদাসপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মনিরুজ্জামান হেনা, উপজেলা যুবদলের সভাপতি সরদার রফিকুল ইসলাম, বিএনপি নেতা মাসুদ পারভেজ ও নিহতের মা ফয়জান বেওয়া। এ ব্যাপারে বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওয়াজেদ আলী খান বলেন, ইতিমধ্যে তিনজন আসামিকে আটক করা হয়েছে। অপর আসামিদের আটকের সবরকম চেষ্টা চলছে।