ঠাকুরগাঁওয়ে হিল্লা বিয়ের ফতোয়ায় একঘরে ইমামের পরিবার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২১:২৬
ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ নিশ্চিন্তপুর গ্রামে গত ২০ সেপ্টেম্বর স্থানীয় মসজিদের ইমাম সফিউদ্দিন রাগের মাথায় স্ত্রীকে তালাক বলায় স্থানীয় কতিপয় ফতোয়াবাজ তাকে এক ঘরে করে রেখেছে। এমনকি তার পেছনে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। গত ২০ দিন ধরে পাড়া-প্রতিবেশীদের মধ্যে অনেকে তার বাসায় যাতায়াত ও তাদের সঙ্গে কথা বলা, চলাফেরা বন্ধ করে দিয়েছেন। কিন্তু মুখে মুখে তালাক দেয়ার ঘটনা জানার পর স্থানীয় কতিপয় ফতোয়াবাজ হিল্লা বিয়ের ফতোয়া দেন। হিল্লা বিয়ে করা না হলে মসজিদে ওই ইমামের পেছনে নামাজ পড়া যাবে না বলেও ঘোষণা করা হয়। ইউপি সদস্য মজিবর রহমান স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেও ফতোয়াবাজদের কারণে ব্যর্থ হন। এ নিয়ে ঐ গ্রামে পক্ষে-বিপক্ষে বিরোধ বাড়ছে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির স্থানীয় প্রকল্প কর্মকর্তা শংকর কুমার দে ও আইনজীবী মাহমুদা বেগম ঘটনাস্থলে গিয়ে সালিস বৈঠকের মাধ্যমে তালাক ও হিল্লা বিয়ের ব্যাপারে আইনি ব্যাখ্যা দেন। কিন্তু ফতোয়াবাজরা কোনো ব্যাখ্যা মেনে না নিয়ে ওই পরিবারকে এক ঘরে করে রেখেছেন।