কিছুদিন আগেও পাকিস্তানের স্পিনার সাইদ আজমল টেস্ট র্যাংকিংয়ে বিশ্বের এক নম্বর বোলার ছিলেন। তবে এখন একটু নেমে চারে। আজ আবুধাবিতে টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান মুখোমুখি হবে। এই সিরিজেই নিজের পুরোটা ঢেলে দিয়ে সেরা দলটির বিপক্ষেও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে চান আজমল।
সাদামাটাভাবে শুরু হওয়া আজমলের ক্যারিয়ারে উল্লেখযোগ্য পরিবর্তনটি আসে ২০১০ সালে দুবাইয়ে দক্ষিণ আপ্রিকার বিপক্ষের সিরিজের পর থেকে। সেই সিরিজের প্রথম টেস্টে বাজে বোলিংয়ের জন্য পরের ম্যাচে আজমলকে বসিয়ে রাখে পাকিস্তান। এরপর তরতর করে উপরে উঠেছেন। গত ফ্রেব্রুয়ারিতে এক ইনিংসে ৯৬ রান খরচ করে ছয় উইকেট শিকার করেন আজমল। এছাড়া ২৮ টেস্টে আটবার পাঁচটি বা তার বেশি উইকেট শিকারী আজমল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বলার মতো কিছু দেখাতে পারেননি। ওই সিরিজেরই বাকি দুটি ম্যাচে মাত্র একটি উইকেটের দেখা পান তিনি।
বর্তমানে পাকিস্তান দলের বোলিংয়ের মূল স্তম্ভ আজমল। তাই এই স্পিনারের প্রতি অনুরোধ জানিয়ে অধিনায়ক মিসবাহ-উল-হক তাকে বোলিংয়ে উন্নতি করার প্রতি তাগিদ দিয়েছেন। তবে এই সিরিজে ভাল কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, ‘আমি শতভাগ আত্মবিশ্বাস নিয়েই টেস্ট খেলতে যাচ্ছি। এখানে আমার লক্ষ্য একটাই, বেশি বেশি করে উইকেট দখল। এখানে গ্র্যায়েম স্মিথ কিংবা জ্যাক ক্যালিসের মত যে কোন ব্যাটসম্যানই আসুক না কেন আমি আমার মতই বোলিং করবো। আগামীকাল আমি সেরাটা দিতেই মাঠে নামবো।’ তবে দীর্ঘদিন টেস্ট খেলার সুযোগ না পাওয়ায় এটা কিছুটা সমস্যা হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি ২৩ অক্টোবর দুবাইতে শুরু হবে। এর পরপরই রয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ।
আসন্ন টেস্টের প্রথম দিনেই নিজের ৩৬তম জন্মদিন উদযাপন করবেন ফয়সালাবাদে জন্মগ্রহণকারী এই স্পিনার। প্রোট্রিয়াদের বিপক্ষে দলের সেরা অস্ত্র হিসেবে বিবেচিত হওয়ায় কোন ধরনের চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রতিটি দিনই আমার জন্য নতুন। আর তাই প্রতিটি ম্যাচই নতুন ম্যাচ। প্রতিটি ম্যাচেই আমি নিজের সেরাটা দিতে আপ্রাণ চেষ্টা করি। তাই কোন ধরনের চাপ না নিয়ে বরং অতীতের মতই একইভাবে পারফর্ম করতে চাই।’
