বর্তমান সময়ে জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে স্মার্টফোন। উন্নত বিশ্বের পাশাপাশি আমাদের মতো উন্নয়নশীল দেশেও স্মার্টফোনের ব্যবহার বাড়ছে উল্লেখযোগ্য পরিমাণে। নানা ধরনের বৈচিত্র্যময় সুবিধার কারণেই এর জনপ্রিয়তা আরও বাড়ছে। এ রকমই একটি বৈচিত্র্যময় সুবিধা নিয়ে স্মার্টফোনে যুক্ত হতে যাচ্ছে ভূমিকম্প পূর্বাভাসের সেন্সর। ইতালির একদল গবেষক মাইক্রো-ইলেকট্রো-মেকানিক্যাল সিস্টেম অ্যাকসেলারোমিটার স্থাপন করতে সক্ষম হয়েছেন আইফোনে। আর সাথে জুড়ে দিয়েছেন একটি এপিসেন্সর ফোর্স ব্যালান্স অ্যাকসেলারোমিটার। এই দুইয়ের সমন্বয়ে ওই আইফোন দিয়ে মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া সম্ভব হয়েছে। আশেপাশে কোথাও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকলেই এটি প্রয়োজনীয় সতর্কবার্তা তৈরি করতে সক্ষম। এই গবেষণার সাথে সংশ্লিষ্ট গবেষকরা জানিয়েছেন, এটি ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার ফলে ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি কমানো সম্ভব।
