‘এক গ্রাম ইউরেনিয়ামও বিদেশ পাঠাবে না ইরান’

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২০:১৭
ইরান কখনই তার সমৃদ্ধকৃত ইউরেনিয়াম বিদেশে পাঠাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পরমাণু ইস্যু নিয়ে চলতি সপ্তাহে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের জেনেভাতে আলোচনায় বসার কথা। —খবর বিবিসির। পশ্চিমা বিশ্ব দাবি করছে, ইরান তার সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটা অংশ যেন বিদেশ পাঠিয়ে দেয়। একই সঙ্গে তারা কোমের কাছে ফোর্ডো প্রডাকশন সাইটটিও বন্ধ করে দিতে বলেছে। এখানেই ইরান উচ্চ পর্যায়ের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সম্পন্ন করেছে। কিন্তু আব্বাস বলেছেন, ইরান কখনই তার সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাবে না। তিনি বলেন, কোন অবস্থাতেই আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত বা ত্যাগ করব না। এক গ্রাম পরিমাণও ইউরেনিয়াম বিদেশ যেতে দেব না আমরা। এদিকে, জেনেভার বৈঠক সামনে রেখে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল না করার জন্য যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেননিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিতর্কিত নিউক্লিয়ার প্রকল্পকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।