অভিবাসীবাহী জাহাজের নিরাপত্তায় বিশ্ববাসীর ব্যবস্থা নেয়া উচিত

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২০:১৮
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, বিশ্ব সম্প্রদায়ের উচিত অভিবাসীবাহী জাহাজের নিরাপত্তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেয়া। ইটালির উপকূলে অল্পদিনের মাথায় দ্বিতীয় একটি জাহাজডুবির পর তিনি এই আহবান জানালেন। এর আগে গত সপ্তাহে ইটালির উপকূলে অভিবাসীদের বহনকারী একটি জাহাজডুবিতে ৩শ’ জন মারা যায়। বান কি মুনের মুখপাত্র জানান, দ্বিতীয় জাহাজডুবির সংবাদে তিনি গভীরভাবে শোকাহত হয়েছেন। মাল্টা ও ইটালির মাঝামাঝি সমুদ্রে গত শুক্রবার অভিবাসীদের একটি জাহাজ ডুবে যায়। এতে ৩৩ জন নিহত হন। ২০১৩ সালের প্রথম ৯ মাসে ইটালিতে ৩০ হাজার অভিবাসী প্রবেশ করেছে যা আগের বছরের দ্বিগুণ। অভিবাসীদের অতিরিক্ত চাপ সামলানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন ৩ কোটি ইউরো সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।