বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে। গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে, দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে, মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে, ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে, দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতেই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি।’
বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে জেলা রিটার্নিং অফিসার বরাবর ঠাকুরগাঁও-১ আসনের মননোয়নপত্র দাখিল শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা বিশ্বাস করি জনগণের ভোটে গণতন্ত্রের বিজয় হবে। গণতান্ত্রিক নির্বাচন যদি হয়, স্পেইস যদি পাওয়া যায় তাহলে জনগণ অবশ্যই বিজয়ী হবে এবং স্বৈরাচারের পতন হবে।’
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বগুড়া-৬ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ
