গাইবান্ধায় মহিলা আইনজীবী সমিতির সাংবাদিক সম্মেলন

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২১:২৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় পুলিশ হেফাজতে এক তরুণীর শ্লীলতাহানির প্রতিবাদে গত রবিবার দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সমিতির কো-অডিনেটর অ্যাডভোকেট সোহেল রানা আকন্দ বলেন, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ফরিদপুরের ভাঙ্গার এক কিশোরীকে থানা পুলিশে হস্তান্তর করে। গত ২৯ সেপ্টেম্বর রাতে ৫ পুলিশ সদস্য তাকে শ্লীলতাহানি করে। পরে সারাদেশের বিভিন্ন মানবাধিকার, নারীবাদী সংগঠন ও সামাজিক প্রতিবাদ জানায়। আমরা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং দোষী পুলিশ সদস্যদের বিচারের মুখোমুখি করার দাবি জানাই। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী তাকে আইনী সহায়তাসহ সকল প্রকার সহযোগিতা প্রদান করতে বদ্ধ পরিকর। তিনি বলেন, থানার ওসি ম্যাজিস্ট্রেটের আদেশে যে ধারায় মামলা দায়ের করেছেন তা ঠিক হয়নি। মামলা হবে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ (৩) (৫)/৩০ তত্সহ ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ২০১ ধারায়। অর্থাত্ পুলিশ সদস্য লতা ও আকলিমাও এ মামলার আসামি হবেন। লতা ও আকলিমা তরুণীকে গোসল ও তার পরনের কাপড় ধুয়ে আলামত নষ্ট করে। সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির কর্মকর্তা অ্যাডভোকেট আনোয়ারা বিজলী, অ্যাডভোকেট শরিফা সুলতানা, অ্যাডভোকেট সুলতানা রেজিনা আক্তার, অ্যাডভোকেট আহসান হাবীব প্রবাল। এদিকে, গোবিন্দগঞ্জ সচেতন নাগরিক সমাজ থানা মোড়ে মানববন্ধন কর্মসূচি শেষে দোষী পুলিশ সদস্যদের গ্রেফতার ও বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে।