নাটোর, সীতাকুণ্ড, নবীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন মারা গেছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নাটোর
নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া বাইপাস এলাকায় গত রবিবার সকালে গরু বোঝাই ট্রাক ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন ট্রাকের হেলপার অজ্ঞাতনামা (২৫) এবং তরিকুল (২২)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আহতদের নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডের আরা আর জুট মিল এলাকায় গত রবিবার বিকালে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান সংঘর্ষে জামশেদ উদ্দীন (৬৫) নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন শফিউল আলম (২৪), কার চালক ফারুক ইসলাম (২২) ও অজ্ঞাত পুরুষ (৩০)। নিহত জামশেদ চট্টগ্রামের সোনারপাড়া গ্রামের মৃত আমীন মিয়ার পুত্র। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নবীগঞ্জ (হবিগঞ্জ)
নবীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও ৫ জন আহত হয়েছেন। গত রবিবার সকালে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের মিলনগঞ্জ বাজারের নিকটে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসে পিষ্ট হয়ে সাকিরুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার কালিয়ারভাঙ্গা চাঁনপুর গ্রামের ছাও মিয়ার কন্যা। অপরদিকে সকালে নবীগঞ্জ-শেরপুর রোডের কুর্শি গ্রামের নিকটে মালবাহী ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় বাহার উদ্দিন (২৫) ও তফজ্জুল ইসলাম (২৮) নামে দুইজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
লাকসাম (কুমিল্লা)
কুমিল্লার লাকসাম হামিরাবাগে গত রবিবার দুপুরে সিএনজি অটোরিকশার চাপায় ইমাম হোসেনের মেয়ে সুবর্না আক্তার (৭) ঘটনাস্থলে নিহত ও মাহফুজুর (৬) নামে এক শিশু আহত হয়।
জানা যায়, ঐদিন দুপুরে লাকসাম থেকে শ্রীয়াংগামী একটি সিএনজি অটোরিকশা উপজেলার হামিরাবাগে অপর একটি অটোরিকশাকে ওভারটেককালে রাস্তার পাশে খেলায়রত শিশুদের চাপা দেয়।
রামু (কক্সবাজার)
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা পাওয়ার হাউস এলাকায় রবিবার পিকআপ ভ্যানের ধাক্কায় রশিদা আক্তার ( ৮) নামে এক শিশু নিহত হয়েছে। রশিদা কক্সবাজার শহরের আলীর জাহাল সাহিত্যিকা পল্লী এলাকার বাসিন্দা ইমাম হোসেনের মেয়ে।
হোসেনপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুরে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় ফিরোজা আক্তার (৬৫) নামে একজন নিহত হয়েছেন। সে উপজেলার চরপিতলগঞ্জ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। সে হোসেনপুর-জিনারী সড়কে ছাগল চরাতে গিয়ে অটোরিকশা চাপায় নিহত হন।
মির্জাপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়ায় গতকাল সোমবার ট্রাক চাপায় মজনু মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হন। তার বাড়ি মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামে।
শিবালয় (মানিকগঞ্জ)
উথলী পাটুরিয়া ফেরি সংযোগ রাস্তার মেগা ফিড কারখানার কাছে ব্রিজের ত্রুটিপূর্ণ দক্ষিণ পাশ অতিক্রমকালে গতকাল সোমবার ভোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কলেজ ছাত্রীসহ ২ জন নিহত ও ৩০ জন আহত হন। নিহতরা হলেন রাজবাড়ী পাংশা থানা ভিটি গ্রামের তোফাজ্জলের কন্যা নাজমা নাহার ঢাকা সিদ্ধেশ্বরী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্রী ও গোয়ালন্দ থানার দৌলতদিয়া গ্রামের ইবন প্রামানিকের পুত্র ওহাব প্রামানিক (২৫)। গুরুতর আহত ৫ জনকে ঢাকা ও ১০ ব্যক্তিকে স্থানীয় উথলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাণীনগর (নওগাঁ)
নওগাঁর রাণীনগরে গত রবিবার মিনি ট্রাকের ধাক্কায় সখিন উদ্দীন (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। সে সাইকেলে করে কালীগঞ্জ যাবার সময় কালীগঞ্জ থেকে আসা একটি মিনি ট্রাক ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। তাকে প্রথমে রাণীনগর হাসপাতালে পরে নওগাঁ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
