নিউজিল্যান্ড ক্রিকেট দল চট্টগ্রাম টেস্টে ড্র করার পর ঢাকা টেস্টে ফিরতে মরিয়া। গতকাল সোমবার দুপুরে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ব্ল্যাক ক্যাপ কোচ মাইকেল হেসন।
চট্টগ্রাম থেকে গতকাল ভোরে ঢাকায় পৌঁছে সফরকারীরা। দুপুরে হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের কোচ মাইক হেসন বলেন, ‘চট্টগ্রামে আমরা উইকেট থেকে তেমন একটা সুবিধা পাইনি। এরপরও আমার দল বেশ ভাল পারফরম্যান্স করেছে। আশা করি, ঢাকায় আমরা আরো ভাল করতে পারবো। ঢাকায় ভাল খেলার সর্বোচ্চ চেষ্টা করবো আমরা।’
এর আগে গত শনিবার প্রথম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে একই কথাই বলেন দলটির অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, ‘এখনো সিরিজ শেষ হয়ে যায়নি। ঢাকা টেস্টের দিকে তাকিয়ে আছি। সেখানে প্রত্যাশিত উইকেট পেলে আর ভালো খেলতে পারলে আমাদের পক্ষে সিরিজ জেতা সম্ভব।’
বাংলাদেশ দলের স্পিনারদের প্রশংসা করে সফরকারী কোচ বলেন, ‘ওদের স্পিনাররা ভাল বল করেছে। উইকেটের সুবিধা ছাড়াই তারা উইকেট পেয়েছে। আমাদের স্পিনাররাও সাধ্যমতো চেষ্টা করেছে; কিন্তু কন্ডিশনের সাথে তাদের মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল।’
সিরিজ শুরুর আগেই এই কোচ বলেছিলেন, তার দলের জন্য বড় হুমকি হতে যাচ্ছেন সোহাগ গাজী। আর হলও তাই। দারুণ এক অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে গড়লেন বিশ্ব রেকর্ড। এই প্রসঙ্গে কোচ বলেন, ‘সে দারুণ একজন বোলার। আর চট্টগ্রাম টেস্টে সে যা করেছে তা এক কথায় অসাধারণ। ঢাকা টেস্টেও তার দিকে নজর রাখতে হবে।’
ঈদ উল আজহার ছুটিতে হোটেলেই থাকবে নিউজিল্যান্ড দল। আগামী ২১ অক্টোবর মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
