দেলদুয়ারে ১৩ বছর ছাত্রদল ও যুবদলের কমিটি হয়নি

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২১:২৯
আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও দেলদুয়ারে ছাত্রদল ও যুবদলের নতুন কমিটি না হওয়ায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত গ্রুপিং ও হতাশা ক্রমে বেড়ে চলেছে। নেতাদের বয়সের ভারে দুটি অঙ্গ সংগঠনের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। ছেলে মেয়ে বড় হলেও অধিকাংশ নেতা ছাত্রদলের পদ আঁকড়ে ধরে আছেন। অঙ্গ সংগঠন দুটির বর্তমান কমিটির অধিকাংশ নেতা-কর্মী দল থেকে বিচ্ছিন্ন। সর্বশেষ ২০০০ সালে দেলদুয়ারে ছাত্রদল ও যুবদলের কমিটি করা হয়। বর্তমানে যে সকল নেতা-কর্মী সক্রিয় রয়েছেন এবং বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তারা কমিটিতে ঠাঁই না পাওয়ায় সঠিক ভাবে কাজ করতে পারছেন না। সংগঠন দুটি বিভক্ত হয়ে পড়েছে কয়েক গ্রুপে। বিভিন্ন অনুষ্ঠানে তারা আলাদা-আলাদা গ্রুপে অংশ নিচ্ছেন। ফলে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপির পক্ষে জনমত ভালো থাকলেও দলীয় নেতা-কর্মীদের দ্বন্দ্বের কারণে ফলাফল পাল্টে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাই নির্বাচনের আগেই দ্রুত এই দ্বন্দ্ব মিটিয়ে নতুন কমিটি করা হলে দলটি বেশি চাঙ্গা হবে বলে নেতা-কর্মীরা জানান।এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান বলেন, নির্বাচনের আগে সংগঠন দুটির কমিটি হওয়ার সম্ভাবনা খুব কম।