ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকা থেকে র্যাব পরিচয়ে দুই যুবককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত ১০ অক্টোবর দুপুরে নিশ্চিন্তপুর গ্রামের মশিউর রহমানের ছেলে মোজাহারুল ইসলাম হিরু (৩০) এবং ডুমাইন পশ্চিমপাড়া বাকাউল্লাহর ছেলে সুরুজ ওরফে সোনাকে (২০) অপহরণ করে নিয়ে যায়। হিরু ডুমাইন বাজারের একজন ব্যবসায়ী, তার একটি ইলেক্ট্রিক মালামালের দোকান রয়েছে। আর সোনা কৃষি কাজ করে। তাদের ৫ দিনেও কোন খোঁজ মেলেনি। এ ব্যাপারে ১৩ অক্টোবর রাতে নিশ্চিন্তপুর গ্রামের মশিউর রহমান মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
এ ঘটনায় এলাকায় জনগণ আতঙ্কে রয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বাজার ব্যবসায়ী মোজাহারুল ইসলাম হিরু এবং সুরুজকে ডুমাইন বাজার এলাকায় দাঁড়ানো থাকা অবস্থায় কালো ও সাদা রংয়ের দুইটি মাইক্রোবাস থেকে র্যাব পরিচয় দিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপরে আর তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা খোঁজাখুঁজি করছি। র্যাব অফিসে যোগাযোগ করেছি; কিন্তু কোন খোঁজ পায়নি। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, এ ব্যাপারে রবিবার রাতে অপহূতর পিতা মশিউর রহমান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি দেখছি।
এ ব্যাপারে ফরিদপুর র্যাব-৮-এর ডিএডি হোসেন আলী জানান, র্যাব কাউকে অপরাধী হিসেবে গ্রেফতার করলে জনগণের উপস্থিতিতেই জিজ্ঞাসাবাদে আনা হয়। এগুলো ভুয়া র্যাবের কাজ।
